জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
আজ শুক্রবার (৩ এপ্রিল) রাজধানী ঢাকায় দুই পরিবারের সম্মতিতে পারিবারিক পরিবেশে এই বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আবু বাকের মজুমদারের সহধর্মিণী রাফিয়া রেহনুমা হৃদি নিজেও ছাত্ররাজনীতির একজন পরিচিত ও সক্রিয় মুখ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। হৃদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) এবং বর্তমানে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। জুলাই গণঅভ্যুত্থানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন।
বর আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে একই বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। কুমিল্লার বরুড়া উপজেলার এক রাজনৈতিক পরিবারে তাঁর জন্ম। তাঁর পিতা মোজাম্মেল হোসেন মজুমদার একজন ব্যবসায়ী এবং বিএনপি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট।
বিশ্ববিদ্যালয় জীবনে তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগ তাঁকে ফজলুল হক মুসলিম হল থেকে বহিষ্কার করলেও গণঅভ্যুত্থানের পর তিনি পুনরায় হলে ফিরে আসেন। বর্তমানে তিনি জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। একই আন্দোলনের দুই সহযোদ্ধার এই বিবাহ রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

মোঃ আনজার শাহ 



















