বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পরদিন হাসপাতালটি পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন।
রোববার (২৬ জুলাই) বেলা ১২টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন।
এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনের সময় মন্ত্রী লাখ লাখ টাকার ওষুধ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকাসহ নানা অসংগতি দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি মোবাইল ফোনে খুলনা বিভাগীয় পরিচালককে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
হাসপাতাল পরিদর্শন শেষে বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তিনি এ হাসপাতালটি পরিদর্শন করছেন।
পরিদর্শন শেষে খুলনা বিভাগীয় পরিচালক হাসপাতালের পরিত্যক্ত ভবনে থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধ নির্দিষ্ট সময়ে অপসারণ না করার কারণ জানতে চেয়ে তৎকালীন কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠাতে বাগেরহাট জেলা সিভিল সার্জনকে নির্দেশ দেন। এছাড়া তিনি হাসপাতালের মহিলা ও পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের সেবার গুণগত মান, খাবারের মান এবং রোগীরা নিয়মিত ওষুধ পাচ্ছেন কিনা—এসব বিষয়ে সরাসরি রোগীদের সাথে কথা বলে খোঁজখবর নেন।
বিভাগীয় পরিচালক ডা. মো. মোশাররফ হোসেন হাসপাতালের পরিত্যক্ত ভবনে থাকা প্রায় ৩০ ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ যথাযথ প্রক্রিয়ায় অপসারণ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে দ্রুত প্রতিবেদন পাঠানোর জন্য জেলা সিভিল সার্জনকে নির্দেশনা দেন। একই সাথে মোরেলগঞ্জ হাসপাতালে ইতিপূর্বে কর্মরত যেসকল কর্মকর্তার মেয়াদে বিপুল পরিমাণ ওষুধ মেয়াদোত্তীর্ণ ও পরিত্যক্ত হয়েছে, তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ারও নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে খুলনা বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা (স্বাস্থ্য) শফিউর রহমান, বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. আ স ম মো. মাহবুবুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোরেলগঞ্জ উপজেলার প্রায় ৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ হাসপাতালে ৫১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছেন মাত্র ১৭ জন। আবার এর মধ্যে ১০ জন চিকিৎসক সুবিধাজনক স্থানে প্রেষণে (ডেপুটেশনে) রয়েছেন। ফলে মাত্র ৭ জন চিকিৎসক দিয়ে কোনোমতে চলছে ৫১ শয্যার এ হাসপাতালটি।

বাগেরহাট প্রতিনিধিঃ 


















