বরিশালের বানারীপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী ও নগদ অর্থ বুধবার (২৯ জুলাই) ভোরে শহীদ পরিবারের হাতে পৌঁছে দেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রিয়াদুর রহমানের নেতৃত্বে উপজেলার দুইটি জুলাই শহীদ পরিবারের বাড়িতে গিয়ে এই সহায়তা প্রদান করা হয়।
এ সময় রিয়াদুর রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগ করেছেন। তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শহীদ ও আহত পরিবারের পাশে থাকার এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক তৌফিক আল ইমরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন, সদস্য সচিব আল আমীন মৃধাসহ জেলা, উপজেলা ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ 


















