সংগৃহীত ছবি
প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারীরিক ও দৃষ্টিপ্রতিবন্ধকতা জয় করে উচ্চশিক্ষা অর্জন করা তিনজন অদম্য তরুণ-তরুণীর হাতে সরাসরি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে দিনের কর্মসূচির শুরুতেই তাঁদের হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শারীরিক প্রতিবন্ধী নীলা খাতুন। তিনি জন্ম থেকেই দুই হাত না থাকা সত্ত্বেও পা দিয়ে লিখে সাফল্যের সঙ্গে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাঁকে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
একইভাবে দুই হাত না থাকা সত্ত্বেও পা দিয়ে লেখালেখি করে স্নাতকোত্তর সম্পন্ন করা গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তারকে গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র গ্রহণের সময় তিনি গভীর আবেগে মুখ দিয়ে সেটি গ্রহণ করেন। এছাড়া নড়াইল সদর উপজেলার দৃষ্টিপ্রতিবন্ধী তরুণ মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অদম্য এই তরুণ-তরুণীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা এবং সমাজের অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের অনুপ্রাণিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
সংক্ষিপ্ত এই নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মানবিক উদ্যোগকে স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন অধিকারকর্মীরা।
নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান শেষে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের ইতিবাচক উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও সামাজিক অন্তর্ভুক্তি বাড়াতে অনন্য ভূমিকা রাখবে।

নিজস্ব প্রতিবেদকঃ 


















