সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গুলশানের ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে; এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে ‘তল্লাশির’ নামে ২০-২৫ জন লোক ঢুকে পড়ে। সেখানে প্রবেশ করে বাসাটি ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করে তারা। ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে আসে গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসি’সহ সেনাবাহিনীর সদস্যরা। সেখান থেকে তিন জনকে আটক করা হয় ও তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা প্রক্রিয়াধীন।

আটককৃতরা হলেন- শাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার ( ৪৮) এবং শাকিল আহমেদ (২৮)। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে বাবা-ছেলে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, শাকিল আহমেদ (২৮) একসময় বাসাটিতে কেয়ারটেকারের কাজ করতেন। সে মূলত জনতাকে ২০০-৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে তথ্য দিয়ে বাসাটিতে তল্লাশি চালানোর জন্য উসকানি দেয়।
এর আগে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকেও একই অজুহাতে একদল জনতা বাসাটিতে প্রবেশের চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ এসে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ মর্মে আবারও সতর্ক করছে যে, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোথাও কোনো অপরাধ সংঘটিত হলে যেন সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানাকে অবহিত করা হয়। সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট রয়েছে ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর।

সংবাদ360 ডেস্কঃ 


















