সংগৃহীত ছবি
গাজীপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের সময় হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকার উত্তরার শিন-শিন জাপান হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত তৌফিক শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণগড়িয়া গ্রামের মো. তৈয়বুর রহমানের ছেলে। তিনি গাজীপুরের ‘লায়লা স্টাইল গার্মেন্টস লিমিটেড’-এ চাকরি করতেন এবং বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর ১২ মাস বয়সী একটি সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর জীবিকার তাগিদে পড়াশোনা ছেড়ে গাজীপুরে যান তৌফিক। গত কয়েক দিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন চলছিল এবং তৌফিক ওই আন্দোলনে সক্রিয় ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গত সোমবার আন্দোলন চলাকালে হামলার একটি ঘটনা মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করেন তৌফিক। এ সময় হামলাকারীরা তাঁর ওপর চড়াও হয়ে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মী ও আন্দোলনরত শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর পর স্বজনরা তাঁর মরদেহ নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জের গ্রামের বাড়িতে ফেরেন। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ আলম তৌফিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তৌফিকের আকস্মিক এই মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিজস্ব প্রতিবেদকঃ 
















