গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের
গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের বদলি-পদায়নে অনিয়ম-দুর্নীতি বন্ধে লটারির মাধ্যমে স্বচ্ছ পদায়ন প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, গণপূর্ত অধিদপ্তরের বদলি ও পদায়ন নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ও অনিয়মের অভিযোগ ছিল। কীভাবে তদবির ও অনিয়মের সুযোগ বন্ধ করে একটি স্বচ্ছ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, তা বিবেচনা করেই লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কিছু গণমাধ্যম এটাকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার বা মন্ত্রণালয় কোনো ভালো উদ্যোগ নিলেও অনেক ক্ষেত্রে তার ইতিবাচক দিকগুলো সংবাদে যথাযথভাবে উঠে আসে না। কোনো ধরনের ব্যক্তিগত তদবির বা প্রভাব যেন বদলি ও পদায়নের ক্ষেত্রে কাজ না করে, সে জন্য সাংবাদিকদের উপস্থিতিতে সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে লটারি অনুষ্ঠিত হয়েছে। ১ হাজার ৫৮৫ জন প্রকৌশলীর বদলি ও পদায়নে এই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। সব ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। কিছু মানবিক বিবেচনার বিষয়ও থাকে। সে বিষয়গুলোও আমরা বিবেচনায় নিয়েছি।
তিনি আরও বলেন, সম্পূর্ণ স্বচ্ছ লটারির মাধ্যমে বদলি ও পদায়ন প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা করার প্রবণতা কোনো কোনো গণমাধ্যমকে করতে দেখা গেছে। সেটা সবার জন্য কষ্টদায়ক।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কে এম ওবায়দুর রহমান শাহীন ও বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথিবৃন্দ সাংবাদিকদের ন্যায্য অধিকার ও বাস্তবায়ন নিয়ে কথা বলেন।
জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মো. আলমগীর গণির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থার সভাপতি মোসা. আছিয়া আক্তার, নীতিনির্ধারণী পরিষদের সভাপতি মো. জামাল হোসেন ও সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, এম এ আকাশ, মামুনুর রশীদ ও নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের ফাঁকে সংস্থার সভাপতি মোসা. আছিয়া আক্তারের বিশেষ ঘোষণায় মহাসচিব মো. আলমগীর গনী কে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি ও নীতিনির্ধারণী পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন কে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সচিব করা হয়।
সমাবেশে সংস্থার সকল নেতৃবৃন্দ, সকল বিভাগ, জেলা ও উপজেলা সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি বিভিন্ন উপহার, সম্মাননা স্মারক, লটারি ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

নিজস্ব প্রতিবেদকঃ 








