পিরোজপুরে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে ‘আদর্শপাড়া স্বেচ্ছাসেবী সংগঠন’এর উদ্যোগে আদর্শপাড়া স্কুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ তালেবুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম শামীম।
সংগঠনের সভাপতি মো. মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা কৃষক দলের সভাপতি মো. নাছির আহমেদ বাচ্চু ও আসাদুজ্জামান মিঠুর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর পৌর বিএনপির সভাপতি মো. সহিদুল্লাহ সহিদ, সুজনের জেলা শাখার সহসভাপতি আফজাল হোসেন লাভলু, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হাবিবুর রহমান এবং কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পারিবারিক শিক্ষা, নৈতিক মূল্যবোধের চর্চা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধপ্রবণতা কমিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে অভিভাবকদের পাশাপাশি শিক্ষক, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কিশোরদের বিপথগামিতা থেকে রক্ষা করে সঠিক পথে পরিচালিত করতে পারিবারিক বন্ধন, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দক্ষিণাঞ্চল প্রতিনিধিঃ 








