কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে জড়িত নয়জনকে আটক করা হয়েছে। জব্দকৃত সারের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
রোববার (১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, একই দিন রাত ২টার দিকে টেকনাফ থানাধীন সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অপারেশন সার সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করতে সক্ষম হয়।
বোটটিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ সময় সার পাচারে ব্যবহৃত বোটসহ নয়জন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের সার্বিক নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 








