“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় যুব সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তারুণ্যের শক্তি ও মেধার সঠিক ব্যবহারের মাধ্যমেই দেশ সামনে এগিয়ে যাবে।
অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেওয়া বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি: 








