আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের হযরত খানজাহান আলীর (র.) মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী সকাল ১০টায় তিনি মোংলা বন্দরে পৌঁছাবেন। মোংলা বন্দর থেকে প্রধানমন্ত্রী সড়কপথে বাগেরহাটে আসবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাগেরহাটে এটি তাঁর দ্বিতীয় সফর। এর আগে গত ২২ অক্টোবর বাগেরহাটের মোংলা ও সুন্দরবন পরিদর্শন করেন তিনি।
এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জানান, ৫ নভেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী মোংলা বন্দরে পৌঁছাবেন। এরপর বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়েই ওই প্রকল্পের নির্মাণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের সময় এবং গত ১০ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এই জেটি নির্মাণ কার্যক্রম শুরু হচ্ছে। নতুন প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে চার হাজার ৬৮ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন করবে ৪৭৫ কোটি টাকা এবং চীনের অর্থায়ন থাকবে তিন হাজার ৫৯৩ কোটি টাকা।
৩৬৮ মিটার দৈর্ঘ্যের ওই কনটেইনার টার্মিনালের সাথে নতুন একটি ইয়ার্ড তৈরি করা হবে, যেখানে ডেঞ্জারাস কার্গো হ্যান্ডলিং ব্যবস্থাও থাকবে। এই কনটেইনার ইয়ার্ডে ৪৯টি আধুনিক ইকুইপমেন্ট যুক্ত করা হবে, যার মাধ্যমে ঘণ্টায় ৩০টির বেশি কনটেইনার খালাস করা সম্ভব হবে। এতে মোংলা বন্দর বছরে চার লাখ টিইউএস (TEUs) কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জন করবে।
একই দিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বন্দরের ৯ নম্বর জেটিতে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষ এবং ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
বাগেরহাটে হযরত খানজাহান আলীর (র.) মাজার জিয়ারত শেষে খুলনায় ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বাগেরহাট প্রতিনিধিঃ 
















