রাজউক পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গত রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এই আদেশ দেন।
এদিন নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন শওকত আজিজ রাসেল। এ সময় তার আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে তার জামিনের আবেদন জানান। একইসঙ্গে কারাগারে তাকে ডিভিশন দেওয়ারও আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুদকের প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৩ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৯ একই মামলায় শওকত আজিজ রাসেলসহ মোট আটজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছিলেন। সেই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর আজ আদালতে এসে আত্মসমর্পণ করলেন রাসেল।

নিজস্ব প্রতিবেদকঃ 


















