কক্সবাজারের উখিয়া থেকে অপহৃত ১৮ বছর বয়সী এক তরুণকে মাত্র ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। বৃহস্পতিবার (৪ জুন) রাতে টেকনাফের কাঞ্জরপাড়া বাজার এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে আবছার নামের ওই তরুণ অপহরণের শিকার হন। ঘটনার পর তার বাবা র্যাব-১৫-এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই র্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি বিশেষ আভিযানিক দল উদ্ধার অভিযানে নামে।
র্যাবের সদস্যরা গোপন তথ্য, গোয়েন্দা নজরদারি এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত তরুণের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। পরে একই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে টেকনাফের কাঞ্জরপাড়া বাজারসংলগ্ন সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।
তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব জানায়, উদ্ধার হওয়া তরুণকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে অপহরণে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 
















