কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফ থানার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানের সময় একটি সন্দেহজনক গতিবিধি নজরে আসে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা নদীতে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালালে এর ভেতর থেকে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাদকের বিস্তার রোধে নাফ নদী ও সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 


















