বক্তব্য রাখছেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বেলা ১০টায় জেলা প্রশাসন আয়োজিত জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জামিলুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা রেজাউল করিম এবং বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ শুনু।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশে জাতীয় ঐক্য, সংহতি এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার এক নতুন অধ্যায় সূচিত হয়েছিল। এই চেতনাকে ধারণ করে গণতন্ত্র, উন্নয়ন ও দেশের স্থিতিশীলতা রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, সব ধরনের বিভেদ ভুলে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধ থাকাই ৭ নভেম্বরের মূল শিক্ষা। একই সঙ্গে নতুন প্রজন্মকে এই ঐতিহাসিক ঘটনার সঠিক ইতিহাস জানাতে হবে।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এর আগে সকালে জেলা বিএনপি কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তা, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাগেরহাট প্রতিনিধিঃ 

















