পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার মো. দুলাল সরদার (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মিরুখালী ইউনিয়নের খায়ের ঘটিচোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও লাল রঙের কসটেপ দিয়ে মোড়ানো ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার দুলাল সরদার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের খায়ের ঘটিচোড়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল খালেক সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে মঠবাড়িয়া থানা পুলিশ খায়ের ঘটিচোড়া গ্রামে দুলাল সরদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে হাঁসের ঘরের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগের ভেতর থেকে একটি ম্যাগাজিনসহ পিস্তল ও লাল রঙের কসটেপ দিয়ে মোড়ানো ছয়টি ককটেল সদৃশ বস্তু জব্দ করা হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দুলাল সরদার আন্তঃজেলা ডাকাতদলের সর্দার। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে পিস্তল ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, অস্ত্র ও ককটেল সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের কার্যক্রম চলছে। দুলাল সরদারের বিরুদ্ধে ঝালকাঠি জেলায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণাঞ্চল প্রতিনিধিঃ 



















