কক্সবাজারের টেকনাফে ২০০ লিটার দেশীয় মদ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্লার ডেপা এলাকায় এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সাবরাংয়ের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। পরে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ২০০ লিটার দেশীয় মদ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে জব্দ করা আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের বিস্তার ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 



















