বাগেরহাটের ফকিরহাট থেকে আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তিত ৫৯টি চোরাই মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৯টা ৪০ মিনিটে ‘রেজাউল রহমান পলাশ’ ও ‘পুষ্প টেলিকম’ নামের দুটি মোবাইলের দোকানে অভিযান চালিয়ে এসব মোবাইলসহ চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ফকিরহাটের পাগলা শ্যামনগর গ্রামের শেখ সিদ্দিকুর রহমানের ছেলে রেজাউর রহমান পলাশ (৩৪), বাগেরহাটের আতাইকাঠি গ্রামের আক্কেল আলী শেখের ছেলে মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম (২৬), রূপসা থানার ৮ নম্বর ওয়ার্ডের ঘাটভোগ গ্রামের চৈতন্য সাহার ছেলে চন্দন সাহা (৩০) এবং ভট্ট বালিঘাটা এলাকার মো. জাহাঙ্গীর খানের ছেলে মো. হুসাইন খান।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এসব তথ্য জানান।
তিনি বলেন, “প্রতিটি মুঠোফোনের একটি ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর থাকে, যা দিয়ে ফোনটি শনাক্ত করা হয়। কিন্তু এই চোর চক্রের সদস্যরা বিশেষ প্রযুক্তির মাধ্যমে সেসব নম্বর পরিবর্তন করে ফেলত। মুঠোফোন উদ্ধারের সময় চক্রের ৪ সদস্যকে আটক করা গেলেও আরও ৩ জন পালিয়ে যায়। আটক ও পলাতক সবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।” উদ্ধার হওয়া মুঠোফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

বাগেরহাট প্রতিনিধিঃ 



















