কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথ বা ‘আইস’সহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ নাফ নদীতে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের খবর পাওয়া যায়। পরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় সাবরাং বিওপির কাছাকাছি নাফ নদীতে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল ফ্যান্টম বোট নিয়ে রাত ১টার দিকে কৌশলগত অবস্থান নেয়।
সকাল ৭টার দিকে প্রযুক্তিগত নজরদারিতে মিয়ানমারের জলসীমা থেকে একটি কাঠের নৌকাকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। নৌকাটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বিজিবির নৌ-টহলদল সেটিকে থামার সংকেত দেয়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা তিনজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তবে অভিযানে মাদক পাচারের সঙ্গে জড়িত এক মিয়ানমারের নাগরিককে আটক করা সম্ভব হয়।
পরে নৌকাটি তল্লাশি করে গোপন কুঠুরিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্যাকেট থেকে মোট ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন-মিয়ানমারের মংডু থানার পুইমালি গ্রামের ফজল করিমের ছেলে মো. শাহ আলম (৫০)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। ক্রিস্টাল মেথ (আইস) পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, প্রযুক্তিগত পর্যবেক্ষণ, নৌ-টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি এবং উদ্ধার করা ক্রিস্টাল মেথসহ জব্দ আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 



















