বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন নবনির্বাচিত সভাপতি শিবা শানু। বিজয়ী ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি তাঁর এই জয়ের অনুভূতি ও আগামী দিনের পরিকল্পনার কথা জানান।
আবেগঘন কণ্ঠে শিবা শানু বলেন, “সবাই আমাকে ফুলের মালা পরিয়েছে। তবে আমার দেওয়া প্রতিশ্রুতিগুলো যখন আমি বাস্তবায়ন করতে পারব, তারপর যদি কেউ ভালোবেসে আমাকে একটি মাত্র ফুলও দেয়, সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।” তিনি আরও যোগ করেন, “সাধারণ শিল্পীরা যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের সেই বিশ্বাসের মর্যাদা রাখাই এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব।”
নির্বাচনে নিজের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আরমান হোসেনের প্রসঙ্গ টেনে নবনির্বাচিত এই সভাপতি বলেন, “যিনি ক্যারিয়ারে কখনো কোনো নির্বাচনে হারেননি, সেই আরমান সাহেবের বিপক্ষে আমি জয় পেয়েছি। আমরা এবার কাদা ছোঁড়াছুঁড়ি ভুলে শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই।”
এদিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন তরুণ অভিনেতা জয় চৌধুরী। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “আমাদের এই পথচলাটা মোটেও সহজ ছিল না। পদে পদে বাধা এসেছে, তবুও আমরা শেষ পর্যন্ত সফল হয়েছি। এবারের নির্বাচন নিয়ে ইন্ডাস্ট্রিতে সমালোচনার চেয়ে আলোচনা বেশি হয়েছে। যারা আমাদের পাশে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ।”
ভোটের সমীকরণ
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের মেয়াদের জন্যমসভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর (২০২৬-২০২৮) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দেবেন এবং চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়নে কাজ করবেন।

নিজস্ব প্রতিনিধিঃ 



















