কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে মানবপাচারকারী চক্রের গোপন আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও পুলিশ। এ সময় কিছু খালি কার্তুজ ও আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পরে মানবপাচারকারীদের আস্তানাটি ধ্বংস করে দেওয়া হয়।
শনিবার (৭ নভেম্বর) সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ নভেম্বর পরিচালিত অভিযানের ধারাবাহিকতায় শনিবার রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী, বিজিবি, এসআরবি ও পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ আভিযানিক দল প্রথমে মানবপাচারকারীদের আস্তানাটি ঘিরে ফেলে। পরে সেখানে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় কিছু খালি কার্তুজ ও আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযান শেষে মানবপাচারকারী চক্রের গোপন আস্তানাটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।
সেনাবাহিনী জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ। সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 


















