সংগৃহীত ছবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন—তুহিন, আনাস ও ফাহিম।
পুলিশ সূত্রের তথ্যমতে, সিসিটিভি ফুটেজে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় নিখোঁজ হওয়ার আগে অপ্রতিমের সঙ্গে তুহিনকে প্রায় এক ঘণ্টা অবস্থান করতে দেখা যায়। সেই ফুটেজের সূত্র ধরে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে তুহিনকে আটক করে পুলিশ। পরবর্তীতে অভিযানে নেমে সন্ধ্যা ৭টায় আনাস এবং সাড়ে ৭টায় ফাহিমকে আটক করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তোলার উদ্দেশ্যে বের হওয়ার পর নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। প্রায় ২১ ঘণ্টা ধরে পরিবার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং পুলিশের যৌথ অনুসন্ধানের পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিজস্ব প্রতিবেদকঃ 



















