কক্সবাজারের টেকনাফে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে মানব পাচারের শিকার এক কিশোরকে উদ্ধার এবং দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে মানব পাচারকারীদের ব্যবহৃত প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া ও তৎসংলগ্ন পাহাড়ি এলাকায় এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন থেকে ১৬ বছর বয়সী শাহরিয়া নোমান নাঈমকে পাচারের উদ্দেশ্যে প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। পরে তাকে টেকনাফের রাজারছড়া এলাকায় নিয়ে গিয়ে মানব পাচারকারীদের একটি আস্তানায় আটকে রাখা হয়।
খবর পেয়ে টেকনাফ মডেল থানার একটি আভিযানিক দল অভিযান চালিয়ে রাজারছড়া এলাকা থেকে কিশোর নাঈমকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৌহিদুল আলম (২২) ও আবু ছাদেক (২৫) নামে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজারছড়া ও আশপাশের পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের বিভিন্ন আস্তানার বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।
এরই ধারাবাহিকতায় টেকনাফ মডেল থানার নেতৃত্বে টেকনাফ থানা পুলিশ ও টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) যৌথভাবে অভিযান চালায়। অভিযানে পাহাড়ি এলাকায় থাকা মানব পাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, মানব পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করা হবে।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 


















