কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় মদ ও একটি মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শীলখালী এলাকার বিজিবি চেকপোস্ট সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে আনুমানিক ৪৫ হাজার টাকা মূল্যের ৫০ লিটার দেশীয় মদ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত (বিএন) জানান, আটক ব্যক্তি ও জব্দ করা আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, মাদকের প্রাদুর্ভাব ও ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টেকনাফ দেশীয় মদ মাদক কারবারি আটক 



















