কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৫৫ হাজার পিস ইয়াবা, একটি সিএনজি, একটি ব্যাটারিচালিত ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গত বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে টেকনাফের নাইট্যংপাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল ফোন এবং পাচারকাজে ব্যবহৃত সিএনজিসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। পরে জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
একইভাবে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযানে সন্দেহজনক একটি ব্যাটারিচালিত ভ্যানে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত ভ্যানসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় এলাকায় মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 



















