টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা বোট ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই দিন রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর দ্বীপের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটে থাকা মাদক কারবারিরা সংকেত অমান্য করে দ্রুত পার্শ্ববর্তী গোলারচরে বোট রেখে পালিয়ে যায়।
পরে বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত মাদক ও বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সীমান্ত দিয়ে মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক বিশেষ অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 


















