কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে অপহরণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে পাঁচ ভিকটিমকে। সোমবার (৮ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকা থেকে তাদের উদ্ধার করে টেকনাফ মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া থানায় দায়ের হওয়া মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৭/৮/৯/১০ ধারায় রুজুকৃত মামলা নং-১৪/২৪১, তারিখ ০৮ জুন ২০২৬-এর তদন্তের সূত্র ধরে এ অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন— ইসাদুল হোছাইন সামিম (১৫), মাহিম (১৩), শহিদ হোছন (১৪), হেফাজ উদ্দিন শিপাত (২৩) ও নুরুল আমিন (২৭)। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ও বমু বিলছড়ি ইউনিয়নে।
কক্সবাজার পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকা থেকে পাঁচ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ভিকটিমদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপহরণ ও মানব পাচার চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টেকনাফ মডেল থানা সূত্রে জানা গেছে, মানব পাচার ও অপহরণের মতো অপরাধ দমনে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 


















