কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে মোটরসাইকেলে লুকিয়ে রাখা ইয়াবা ও ৫৭ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক ইজিবাইক চালককে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর সী-বীচ ও দমদমিয়া বিওপি চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে গত ২৬ মে রাতে মেরিন ড্রাইভ সড়কের হাবীবছড়া বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানোর সংকেত দেয় বিজিবি। তবে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে জব্দ মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংক সংলগ্ন অংশে বিশেষ কৌশলে লুকানো ৩৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই দিন বিকেলে দমদমিয়া বিওপি চেকপোস্টে হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজিবাইক তল্লাশি চালিয়ে আসনের নিচে লুকিয়ে রাখা ৫৭ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইজিবাইক চালককে আটক করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও জব্দ মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া আলামতের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 



















