ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় অবৈধ দখল ও ড্রেইনের ওপর স্থাপনা নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) এ অভিযান পরিচালনা করেন জেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, ঝালকাঠি পৌরসভার সহযোগিতায়।
অভিযানকালে দেখা যায়, পৌরসভার রাস্তা অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে এবং কিছু প্রতিষ্ঠান ড্রেইনের ওপর স্থায়ী অবকাঠামো গড়ে তুলে পানি নিষ্কাশন ব্যবস্থা ও পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এতে জনদুর্ভোগ বাড়ার পাশাপাশি পরিবেশগত সমস্যারও সৃষ্টি হচ্ছে।
এ প্রেক্ষিতে স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ অনুযায়ী ৭টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ দখল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত তদারকির দাবি জানান, যাতে শহরের পরিবেশ ও নাগরিক সুবিধা নিশ্চিত করা যায়।

ঝালকাঠি প্রতিনিধিঃ 


















