সংগৃহীত ছবি
রাজধানীর আদাবর এলাকায় বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম হাসু অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন। জুলাই আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে আদাবরের নিজ বাসা থেকে তাকে আটক করে সংশ্লিষ্ট থানা পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এলাকায় ফেরার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, হাসুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। বিশেষ করে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গত জুলাইয়ের ঘটনাপ্রবাহের পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতি অনুযায়ী তাকে আদালতে হাজির করা হবে।

স্টাফ রিপোর্টারঃ 



















