টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। সোমবার (২ মার্চ ২০২৬) রাতে টেকনাফ পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি মোঃ রফিক (২৮)। তিনি কক্সবাজার পৌরসভার লারপাড়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোহাম্মদ হোসেনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ জানতে পারে, টেকনাফ পৌরসভার খোনকারপাড়া এলাকার বীচ পয়েন্ট বাজারে অবস্থিত সাইফা কুলিং কর্নারের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রি বা সরবরাহের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। এ সময় মোঃ রফিককে আটক করা হলেও তার সঙ্গে থাকা অপর একজন কৌশলে পালিয়ে যায়।
র্যাব জানায়, আটক রফিকের কাছে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে কালো কসটেপে মোড়ানো পাঁচটি প্যাকেট থেকে মোট ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তারকৃত রফিক দীর্ঘদিন ধরে টেকনাফ ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট নানা তথ্য তাদের কাছে রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক সহযোগীসহ সংশ্লিষ্ট চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 



















