সংগৃহীত ছবি
এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি মোংলায় পৌঁছান।
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশান এভিনিউয়ের নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছানোর পর সকাল ৯টায় হেলিকপ্টারযোগে মোংলার উদ্দেশে রওনা হন তিনি।
মোংলা পৌঁছে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে গৃহীত ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ের দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ প্রকল্প বাস্তবায়িত হলে মোংলা বন্দরের সামগ্রিক গতিশীলতা ও পণ্য খালাসের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া সফরকালে তাঁর উপস্থিতিতে মোংলায় ‘ইনভেস্ট বাংলাদেশ’ ও ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন’ (সিআরসিসি)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে মোংলা অঞ্চলকে কেন্দ্র করে নতুন বিদেশি বিনিয়োগ ও অবকাঠামোগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মোংলার সব আনুষ্ঠানিক কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত এবং সেখানে আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।
মোংলা ও বাগেরহাটের কার্যক্রম সম্পন্ন করে বিকেলে তিনি খুলনার উদ্দেশে রওনা হবেন। সেখানে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। সফরসূচি অনুযায়ী, সন্ধ্যায় তাঁর রাজধানী ঢাকায় ফেরার কথা রয়েছে।

বাগেরহাট প্রতিনিধিঃ 


















