কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর নাজির হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. রিদোয়ানকে (২৬) গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ ও র্যাব-১৫।
পুলিশ জানায়, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল এবং র্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের তথ্যপ্রযুক্তি সহায়তায় অভিযানটি পরিচালনা করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার পাহাড়ি অঞ্চলে অভিযান চালিয়ে রিদোয়ানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিদোয়ান টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লানপাড়া এলাকার মৃত কবির আহম্মদ ওরফে কবির মাঝির ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নাজির হোসেন হত্যা মামলায় রিদোয়ান এজাহারনামীয় আসামি। মামলাটির এফআইআর নম্বর-৬৫, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬। জিআর নম্বর-৭৮৩। মামলায় দণ্ডবিধির ১৪৩/১৪৭/৩৮৫/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২/৫০৬/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারের পর রিদোয়ানকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নাজির হোসেন হত্যা মামলার ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছে পুলিশ।
টেকনাফ মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 


















