জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-কে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষয়ে জারি করা রুল খারিজ করে আদালত এ রায় দেন।
২০১২-১৩ থেকে ২০১৬-১৭ পর্যন্ত পাঁচটি করবর্ষের পুনর্মূল্যায়ন শেষে এনবিআর এই কর দাবি করেছিল। ওই দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাইকোর্টে রিট আবেদনটি করে গ্রামীণ কল্যাণ। প্রাথমিক শুনানির পর আদালত তৎকালীন সময়ে রুল জারি করলেও নতুন বেঞ্চ রুলটি খারিজ করে দেওয়ায় এনবিআরের কর দাবির বৈধতা বহাল রইল।
উল্লেখ্য, ড. ইউনূস প্রধান উপদেষ্টা পদে থাকাকালে মামলা প্রত্যাহারের গুঞ্জন উঠলেও গত ১৪ জুলাই কর মওকুফ ও মামলা প্রত্যাহারের খবরকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ হিসেবে চিহ্নিত করেন প্রতিষ্ঠানটির আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। রায় ঘোষণার পর গ্রামীণ কল্যাণের আইনজীবীরা জানান, আদালতের এই রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করার সিদ্ধান্ত নিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদকঃ 


















