সংগৃহীত ছবি
চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইসকনের সাবেক চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও শ্রীশ্রী পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রাণী ধর (৭০)। মায়ের পরলোকগমনে শেষকৃত্য ও শেষ শ্রদ্ধানুষ্ঠানে অংশ নেওয়ার জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রামের হাটহাজারীস্থ শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে মৃত্যুবরণ করেন সন্ধ্যা রাণী ধর। তিনি দীর্ঘদিন ধরে নানাবিধ শারীরিক জটিলতাসহ ক্যানসারে ভুগছিলেন। মায়ের প্রয়াণের পর শেষবারের মতো দেখার এবং শেষকৃত্যে অংশগ্রহণের সুযোগ চেয়ে পরিবারের পক্ষে ভাই অঞ্জন কুমার ধর প্যারোলের আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ৫ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, বিকেলে প্যারোলের অনুমোদনপত্র কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় নিয়ম ও প্রক্রিয়া সম্পন্ন করে ৩টা ৪০ মিনিটে চিন্ময় কৃষ্ণ দাসকে কড়া পুলিশি নিরাপত্তায় হাটহাজারীর উদ্দেশ্যে পাঠানো হয়।
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর যাতায়াতের পথ এবং হাটহাজারী আশ্রমে শেষকৃত্যানুষ্ঠান ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন, তার যাতায়াতের রুট ও মূল অনুষ্ঠানস্থলসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ 


















