কক্সবাজারের টেকনাফ উপজেলার এক মাদক কারবারিকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
আটক হেলাল মিয়া (২৫) টেকনাফ উপজেলার কাঞ্জরপাড়া গ্রামের মো. সোলেমানের ছেলে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল জসিমের ঘের এলাকায় অবস্থান নেয়।
বিজিবি জানায়, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে মিয়ানমার থেকে দুই সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে হেলাল মিয়াকে আটক করতে সক্ষম হন। অপর ব্যক্তি পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি পোটলার ভেতর খাকি রঙের প্যাকেটে থাকা নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ১৫ কাটে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল মিয়া মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আটক হেলাল মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 



















