পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আলামকাঠী এলাকায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এতে ঘরের ভেতরের বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও প্রয়াত মো. সিদ্দিক খলিফার ছেলে সুজন খলিফা জানান, রাতে হঠাৎ তারা ঘরে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনে ঘরের বেশিরভাগ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে এই বসতঘরে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এবং এতে কারও সংশ্লিষ্টতার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পিরোজপুর জেলা বিএনপি নেতা আখতারুজ্জামান শেখ রাহাত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, “এই অপরাধমূলক ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা উচিত।”
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দক্ষিণাঞ্চল প্রতিনিধিঃ 



















