ভারতের ঝাড়খন্ডে অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় এবং দেশীয় কেন্দ্রগুলোতে তীব্র জ্বালানি সংকটের কারণে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে বয়লারজনিত সমস্যার কারণে আদানির ১,৬০০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যায়। এর আগে কয়লা সংকট কাটিয়ে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন ১,৪০০ মেগাওয়াট ছাড়িয়েছিল, তবে এই যান্ত্রিক ত্রুটির পর উৎপাদন কমে বর্তমানে ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে।
বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, মেরামতের প্রাথমিক ধাপ হিসেবে বয়লার ঠান্ডা হতেই অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগবে। ফলে কেন্দ্রটি থেকে পুনরায় স্বাভাবিক সরবরাহ পেতে আরও কয়েক দিন লেগে যাবে।
পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে দেশের অভ্যন্তরীণ কেন্দ্রগুলোর সমন্বিত সংকটে। তীব্র গ্যাস ঘাটতির কারণে দেশের ভেতরের বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন আশঙ্কাজনকভাবে কমেছে। এর বাইরে কয়লা সংকট ও কারিগরি জটিলতায় পায়রা ও রামপালের মতো বড় বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদনও স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না।
সব মিলিয়ে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের ঘাটতি তৈরি হওয়ায় দেশজুড়ে তীব্র লোডশেডিং শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ৩টায় দেশে রেকর্ড সর্বোচ্চ ৩,৫৫৭ মেগাওয়াট লোডশেডিং নথিভুক্ত করা হয়। পরবর্তী সময়ে শুক্রবার সকালেও লোডশেডিংয়ের পরিমাণ আড়াই হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়, যার ফলে সাপ্তাহিক ছুটির দিনেও সাধারণ মানুষকে চরম গরমে ও ভোগান্তিতে দিন কাটাতে হচ্ছে।

ডেস্ক রিপোর্টঃ 


















