সংগৃহীত ছবি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। তাদের বহনকারী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে র্যাম্পের ওপর থেকে নিচে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও একাধিক সদস্য আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে বিমানবাহিনীর পিকআপটি তৃতীয় টার্মিনালের একটি র্যাম্পে ওঠার চেষ্টা করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দোতলা থেকে সোজা নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন সদস্যের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস এবং এলএসি জুবাইদুল।
এ ছাড়া দুর্ঘটনায় কর্পোরাল সিফাত (আবু সাঈদ), কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় সিনিয়র অফিসার আবুল খায়ের নামের আরেক কর্মকর্তা সামান্য আহত হন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই হতাহতদের উদ্ধার করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। বর্তমানে সেখানে আহতদের চিকিৎসা চলছে এবং নিহতদের মরদেহ রাখা হয়েছে।

ডেস্ক রিপোর্টঃ 



















