বাগেরহাটে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৩১৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মাদক ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৮ জন এবং জাল টাকা সংক্রান্ত ঘটনায় ৩ জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে বাগেরহাট সদর পৌরসভার নাগেরবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার কয়েকটি চৌকস দল। অভিযানের শুরুতে নাগেরবাজারে প্রবেশ ও বের হওয়ার বিভিন্ন পথ নিয়ন্ত্রণে নেওয়া হয়। পরে সন্দেহভাজন ব্যক্তিদের বসতঘরে তল্লাশি চালানো হয়।
অভিযানের একটি অংশে সাতজন পুরুষ ও একজন নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা, ১৪০ পুরিয়া বা ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ৫৫টি ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– নাগেরবাজারের বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫) ও পলি (৪৫), কৃষ্ণনগরের মো. রিফাত (২৪), সাবেকডাঙ্গার সিরাজ (২০), খেগরাঘাটের বিপ্লব মিস্ত্রী (৩৬) এবং কচুয়া পট্টির নিমাই সাহা (৪০)।
অন্যদিকে, জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে বাগেরহাট সদর উপজেলার হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন পুকুরপাড় থেকে ১ হাজার টাকা মূল্যমানের ৯০ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়ার মো. আকলাস ভুইয়া (৫৫) এবং বুড়িখালীর আশিকুর রহমান মোল্লা (২৩) ও মো. শিবলু ফকির (২৪)।
পুলিশ জানায়, জাল টাকা তৈরির পাশাপাশি অনলাইন প্রতারণা ও মানি ফ্রডের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে। মোবাইল ফোনের অ্যাকাউন্ট হ্যাক এবং টেলিগ্রাম ও ইমোর মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের বিরুদ্ধে তদন্ত চলছে। এ সময় বিভিন্ন সিম ও অ্যাপসহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, সকাল থেকে জেলা পুলিশের কয়েকটি দল নাগেরবাজার এলাকা ঘিরে রেখে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরও জানান, অন্য অভিযানে ৯০ হাজার টাকার জাল নোট ও মানি ফ্রডে ব্যবহৃত সিম এবং অ্যাপসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক, জাল টাকা ও প্রতারণার বিরুদ্ধে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাগেরহাট প্রতিনিধিঃ 



















