নীলফামারীর জলঢাকায় বুড়িতিস্তা নদী থেকে বোমাকাটা মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে। এতে নদীর পাড়ের মাটি ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমানের বাড়ি সংলগ্ন এলাকায় নদীর পাড় থেকে আনুমানিক ৮০ গজ দূরে মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলনের সময় নদীর পাড়ের মাটি ভেঙে পড়ার চিত্রও চোখে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীর পাড়ের স্থিতিশীলতা নষ্ট হয়ে তীরবর্তী জমি ও বসতবাড়ি ভাঙনের ঝুঁকি তৈরি হবে।
মেশিন দিয়ে বালু উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেন, “এ এলাকায় মোট ১৫ হাজার সিএফটি (ঘনফুট) বালু উত্তোলনের চুক্তি হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত আনুমানিক ৫ থেকে ৬ হাজার সিএফটি বালু উত্তোলন করা হয়েছে।” বালু উত্তোলনের অনুমোদন বা সংশ্লিষ্ট কোনো বৈধ কাগজপত্র আছে কি না জানতে চাইলে তিনি জানান, তাঁর কাছে এ ধরনের কোনো কাগজপত্র নেই। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে এটি পানি উন্নয়ন বোর্ডের জরুরি কাজ বলে জানিয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ বলেন, “ওই এলাকায় কোনো ঘোষিত বালুমহাল নেই। অভিযোগ পেলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

রবিউল ইসলাম রাজ, জলঢাকা প্রতিনিধিঃ 



















