বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, নলছিটি উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে সংগঠনটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি শুরু করা হয়।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল চারটায় নলছিটি সরকারি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে নলছিটি উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালি শেষে উপস্থিত অতিথিবৃন্দ নলছিটি উপজেলা পরিষদ চত্বরে একটি ফলদ গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, সদস্য সচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল এবং নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা। আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনায়েত করিম মিশু, নলছিটি পৌর বিএনপির সহসভাপতি সরোয়ার হোসেন তালুকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু ও রেজওয়ানুল হক।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা। আলোচনায় উপস্থিত অতিথিবৃন্দ, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

আমির হোসেন, ঝালকাঠিঃ 



















