মাছের পোনা উৎপাদনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় মৎস্য পদক ২০২৬’-এর স্বর্ণপদক পেয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির উপদেষ্টা ‘আলাউদ্দিন ফিশারিজ’। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আলাউদ্দিনের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পদক দেওয়া হয়।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, আলাউদ্দিন ফিশারিজ নোয়াখালী সদর উপজেলার বদরপুর এবং সুবর্ণচর উপজেলার চরক্লার্ক এলাকায় তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি উন্নত ও গুণগত মানের কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন, সরবরাহ এবং মাছ চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২১টি পুকুরের মোট ১৭ দশমিক ৬ হেক্টর জলায়তনে গুণগত মানের রেণু ব্যবহার করে প্রায় ১৯৮ লাখ কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন করেছে। পাশাপাশি এ খামারটির মাধ্যমে ৩২ জনের সার্বক্ষণিক এবং ৬৩ জনের খণ্ডকালীন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
উন্নত মৎস্যচাষ পদ্ধতি অনুসরণ করে গুণগত মানের পোনা উৎপাদন, সরবরাহ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মৎস্যচাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সরকার আলাউদ্দিন ফিশারিজকে জাতীয় মৎস্য পদক ২০২৬-এর স্বর্ণপদক প্রদান করে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকার ব্যাংক চেক দেওয়া হয়।
এ স্বীকৃতির ফলে নোয়াখালীর মৎস্য খাতে পোনা উৎপাদন ও আধুনিক মৎস্যচাষে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রুমানা ইসলাম, জেলা প্রতিনিধি: 



















