সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় একের পর এক গণপরিবহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পুরো নগরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে বাড্ডার ইউ-লুপ, মিরপুর-১, মিরপুর-১১ এবং দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকার বেশ কয়েকটি স্থানে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানে রহস্যজনক অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর আগে শুক্রবার রাতে কাফরুল এলাকাতেও একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে একের পর এক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
যাত্রাবাড়ী চৌরাস্তায় পরপর চারটি ককটেল বিস্ফোরণে বিল্লাল নামে এক রিকশাচালক আহত হন। এছাড়া কমলাপুর রেলস্টেশন, শাহবাগের তিন নেতার মাজার সংলগ্ন এলাকা, মহাখালী ও বাড্ডাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনা ঘটেছে। এর আগের দিন মগবাজার, আগারগাঁও এবং রামপুরাসহ একাধিক জায়গায় একই ধরনের বিস্ফোরণ ঘটেছিল।
পর পর ঘটে যাওয়া এসব নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার ৪টি প্রধান প্রবেশমুখসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দুই শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে। টহল বৃদ্ধির পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে মহানগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদকঃ 


















