প্রধানমন্ত্রী তারেক রহমান | ফাইল ছবি
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংক্ষিপ্ত এই সফরের মূল আকর্ষণ হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। প্রাথমিক পরিকল্পনায় ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ সফর এবং সান ফ্রান্সিসকো ভ্রমণের কথা থাকলেও সরকারের কৃচ্ছ্রসাধন নীতির অংশ হিসেবে সফরটি সংক্ষিপ্ত করা হয়েছে এবং সফরসঙ্গীর সংখ্যাও রাখা হয়েছে বেশ সীমিত। বিশ্বমঞ্চে বক্তব্য প্রদান শেষে ২৫ সেপ্টেম্বর রাতেই তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী উন্নয়ন, মহামারি প্রতিরোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত জাতিসংঘের উচ্চপর্যায়ের একাধিক বৈঠকে অংশগ্রহণ করবেন। এর পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে কয়েকটি বিশেষ আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে। নিউইয়র্কে অবস্থানকালে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গেও তাঁর বৈঠক অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসন।
এই সফরকালে এক নিবিড় দ্বিপক্ষীয় কূটনৈতিক তৎপরতায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে বৈঠকে বসবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেঙ্কোভিচ, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সল বিন ফারহান আল সৌদ। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত বিশেষ নৈশভোজেও অংশগ্রহণ করার কথা রয়েছে তাঁর।

ডেস্ক রিপোর্টঃ 



















