রাজধানী ঢাকায় পৃথক ককটেল বিস্ফোরণ ও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে হাইকোর্ট ও শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ ঘটে এবং সকালে পল্লবীতে একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, দুপুর সোয়া ১টা থেকে দেড়টার মধ্যে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়ক ও শিল্পকলা একাডেমির সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী বিষয়টির বিস্তারিত তদন্ত করছে।
এর আগে সকাল সোয়া ৭টার দিকে পল্লবীর সিরামিক রোডে ভারী বৃষ্টির মধ্যে পার্ক করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসের কয়েকটি আসন পুড়ে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, বৃষ্টির মধ্যে বাসে আগুন দেওয়ার এই ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদকঃ 


















