২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১০টার দিকে।
এদিন সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ। যা গত বছর ছিলো ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে।
আর ২০২৬ সালে জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন পরীক্ষার্থী, যা গত বছর ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।
৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডে (১১টি শিক্ষা বোর্ড) গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী।
এদিকে এসএসসি ও সমমান পরীক্ষায় এবার জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার সর্বোচ্চ গ্রেড পয়েন্ট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৫২ হাজার ৭৮০ জন ছাত্র এবং ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী। অর্থাৎ, এবার জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদের তুলনায় ১১ হাজার ১১৬ জন বেশি ছাত্রী জিপিএ–৫ পেয়েছে। গত বছর যেখানে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছিল, এবার সেই সংখ্যা কমেছে ২২ হাজার ৫৬ জন।
ফল প্রকাশের পর থেকে মোবাইল ফোনের এসএমএসসহ তিন মাধ্যমে ফলাফল দেখতে পারছেন শিক্ষার্থীরা।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রকাশিত ফল সংগ্রহ করতে হবে www.eduboardresults.gov.bd ও www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে। এজন্য Result কর্নারে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে হবে।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ফরম পূরণ করেছিলেন ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮, দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
এসএমএসে ফল পেতে সাধারণ বোর্ডের পরীক্ষার্থীদের SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল> 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Dha 123456 2026। দাখিলের ক্ষেত্রে Dakhil MAD 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। কারিগরি পরীক্ষার্থীদের SSC TEC 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
এদিকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত। অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হবে।
উল্লেখ্য, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং শেষ হয় ২০ মে। পরে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। দাখিল ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে।

নিজস্ব প্রতিবেদকঃ 



















