রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে এক বিএনপি নেতা ও এক পথচারী নারী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বরের বি-ব্লকের ২ নম্বর রোডের একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বিএনপি নেতার নাম মো. আলমগীর (৫৫)। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানা বিএনপির মূল দলের একজন সদস্য এবং পেশায় মাছ ব্যবসায়ী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ নম্বরের বি-ব্লকের ২ নম্বর রোডের একটি চায়ের দোকানের সামনে বসে ছিলেন আলমগীর। এ সময় চারজন ব্যক্তি একটি প্রাইভেটকারে করে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিতে আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে আঘাত লাগে।
ঘটনার পর পর আহত আলমগীরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামী হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ আলমগীর বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, একই ঘটনায় রাস্তা পার হওয়ার সময় এক নারীও গুলিবিদ্ধ হন। আহত ওই নারীকেও প্রথমে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বশীর জানান, ওই এলাকায় দুর্বৃত্তরা তিন রাউন্ড গুলি চালিয়েছে। এতে আলমগীরসহ এক নারী আহত হয়েছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদকঃ 



















