বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে গণমাধ্যম এখনো প্রকৃত অর্থে স্বাধীন নয়। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় তিনি দেশের সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নানা মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা, দমন-পীড়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেন, “মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এই পরিস্থিতিতে সরকার কতটা সফল হয়েছে, সেই রায় জনগণই দেবে। এ বিষয়ে আমরা আর বেশি কিছু বলতে চাই না।”
বিদ্যুৎ খাতের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দেশের মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না, অথচ ‘ভূতুড়ে বিলের’ কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
রাজনৈতিক সহিংসতা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সরকারের মূল দায়িত্ব হলেও এ ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে।
গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি বলেন, “গণমাধ্যম কোনো কালেই পুরোপুরি স্বাধীন ছিল না, এখনো পুরোপুরি স্বাধীন আছে বলে আমি মনে করি না। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সংবাদকর্মীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।”
বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় জামায়াত নেতা ও সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুছ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু এবং সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময় সভা শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট জেলা রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাটঃ 



















