কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উখিয়া দক্ষিণ স্টেশন এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র্যাব-১৫-এর সিপিসি-২ এর আভিযানিক দল।
এ সময় একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে চালক ও আরোহীরা যানবাহন ফেলে পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন। পরে তাদের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৫০টি এয়ারটাইট পলিপ্যাকে রাখা ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ১ হাজার করে ইয়াবা ট্যাবলেট।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উখিয়ার পাতা বাড়ি কাঠাল বাগানপাড়ার নুরুল হাকিম (২৮), উত্তর পাতাবাড়ি এলাকার মো. ইদ্রিস (৪৮) এবং মধুরছড়া পোলিয়াপাড়ার শামসুল আলম (২৪)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া ইয়াবা, জব্দকৃত সিএনজি অটোরিকশা ও অন্যান্য আলামত উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, মাদক নির্মূলে গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 



















